বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
মঙ্গলবার রাজধানীতে পুলিশ হেডকোয়ার্টার্সের ন্যাশনাল অপারেশন মনিটরিং সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি মনিটরিং কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঈদুল আজহা উপলক্ষে ঈদের সাত দিন আগে থেকে সাত দিন পর পর্যন্ত সেন্ট্রাল মনিটরিং সেলকে আরও শক্তিশালী করা হয়েছে। দেশের মহাসড়ক, পশুর হাট, যমুনা ও পদ্মা সেতুসহ বিভিন্ন এক্সপ্রেসওয়ে সার্বক্ষণিক নজরদারির আওতায় আনা হয়েছে।
তিনি বলেন, যেসব এলাকায় সিসিটিভি ক্যামেরা নেই, সেখানে পুলিশ সদস্যদের বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করে দায়িত্ব পালন নিশ্চিত করা হচ্ছে।
মন্ত্রী বলেন, আগের সময়ের তুলনায় এবার সড়ক দুর্ঘটনা কম ঘটেছে। তবে যেসব দুর্ঘটনা ঘটেছে, তার বেশিরভাগই ব্যক্তিগত অসচেতনতা ও গাফিলতির কারণে।
নওগাঁয় লোহার রডবাহী ট্রাকে ছাদে যাত্রী বহনের ঘটনায় দুর্ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভাড়া বাঁচাতে ঝুঁকিপূর্ণ ভ্রমণ করায় এমন দুর্ঘটনা ঘটছে যা অত্যন্ত দুঃখজনক।
অনুমোদনহীন পশুর হাট বসানো ঠেকাতে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সম্প্রতি রাজধানীর মিরপুরে মেট্রোরেলের নিচে বসানো একটি অবৈধ পশুর হাট তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
এছাড়া কোরবানির হাটে জাল নোট প্রতিরোধে বাংলাদেশ ব্যাংকের সহায়তায় বাণিজ্যিক ব্যাংক ও পুলিশের উদ্যোগে জাল নোট শনাক্তকারী মেশিন স্থাপন করা হয়েছে।
নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রবিরোধী অপতৎপরতা কঠোরভাবে দমন করা হবে। যৌথ অভিযানে সেখানে বিপুল অস্ত্র উদ্ধার ও একাধিক দাগি আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি জানান, জঙ্গল সলিমপুর এলাকায় পুলিশ একাডেমি, র্যাব একাডেমি, পুলিশ স্পোর্টস কমপ্লেক্স ও কারাগারসহ সমন্বিত নিরাপত্তা অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
যমুনা সেতুর টোল প্লাজায় দীর্ঘ যানজটের বিষয়ে মন্ত্রী বলেন, ম্যানুয়াল পদ্ধতিতে টোল আদায়ের কারণেই এ সমস্যা হচ্ছে। স্থায়ী সমাধানে ডিজিটাল অটোমেশন চালুর বিষয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়কে পরামর্শ দেওয়া হবে।
তিনি জানান, ভবিষ্যতে কার্ডভিত্তিক স্বয়ংক্রিয় টোল আদায় ব্যবস্থা চালুর চিন্তাভাবনা করা হচ্ছে।
সাভারে সিসি ক্যামেরা ও ড্রোন ব্যবহার করে মাদক কারবার পরিচালনা এবং গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় ইতোমধ্যে তিন পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি গণমাধ্যমকর্মীদের কাছ থেকেও সুনির্দিষ্ট তথ্য চাওয়া হয়েছে।