বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
বৈরি আবহাওয়ার কারণে রাজধানীর সদরঘাট নৌবন্দর থেকে দক্ষিণাঞ্চলের সব যাত্রীবাহী লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।
বিআইডব্লিউটিএ জানিয়েছে, নদীবন্দরগুলোতে ২ নম্বর সতর্কসংকেত জারি থাকায় যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে।
হঠাৎ লঞ্চ চলাচল বন্ধের ঘোষণায় সদরঘাটে দক্ষিণাঞ্চলগামী যাত্রীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকে আগেই টিকিট কেটে ঘাটে এসে জানতে পারেন, কোনো লঞ্চ ছেড়ে যাবে না। এতে বাড়ি ফেরা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন তারা।
কিছু যাত্রী বিকল্প পরিবহন ব্যবস্থার খোঁজ করছেন, আবার অনেকে লঞ্চ চলাচল স্বাভাবিক হওয়ার আশায় ঘাটেই অপেক্ষা করছেন।
বরগুনাগামী যাত্রী মো. জাকির হোসেন বলেন, সকালে আবহাওয়া স্বাভাবিক থাকায় পরিবার নিয়ে সদরঘাটে এসেছিলেন। পরে এসে জানতে পারেন, সব রুটের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে সড়কপথে বিকল্প উপায়ে যেতে হবে বলেও জানান তিনি।
মঙ্গলবার দুপুরের দিকে সদরঘাট এলাকায় ঝড়ো বৃষ্টি ও দমকা হাওয়া দেখা যায়। একই সময়ে নদীতে স্বাভাবিকের তুলনায় বেশি ঢেউ তৈরি হয়। এ অবস্থায় নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় টার্মিনালে সারিবদ্ধভাবে লঞ্চ নোঙর করে রাখা হয়।
সংশ্লিষ্টরা জানান, কয়েকটি লঞ্চে যাত্রী থাকলেও নিরাপত্তার কারণে সেগুলোকে ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি।
লঞ্চ টার্মিনালের ট্রাফিক ও নিরাপত্তা নিয়ন্ত্রণ অফিসের বার্থিং সারেং মো. মামুন জানান, মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত ঢাকা থেকে ৩২টি লঞ্চ ছেড়ে গেছে এবং ঢাকায় এসেছে ৪৫টি লঞ্চ। এছাড়া সোমবার রাতে দেশের ৩৭টি রুটে ৯১টির বেশি লঞ্চ চলাচল করেছে।
আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে। ঈদকে সামনে রেখে সরকার টানা কয়েকদিনের ছুটি ঘোষণা করায় ঘরমুখো মানুষের চাপ বেড়েছে নৌপথে। অতিরিক্ত যাত্রীচাপের মধ্যেই বৈরি আবহাওয়ায় লঞ্চ চলাচল বন্ধ হওয়ায় যাত্রীদের দুর্ভোগ আরও বেড়েছে।
বিআইডব্লিউটিএ কর্মকর্তারা জানিয়েছেন, আবহাওয়ার উন্নতি হলে পুনরায় লঞ্চ চলাচল শুরুর বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। পাশাপাশি অপ্রয়োজনে যাত্রীদের ঘাটে না আসার পরামর্শ দেওয়া হয়েছে।