বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে রাজধানীতে বিশেষ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
রোববার (২৫ মে) রাজধানীর গাবতলী বাস টার্মিনাল ও গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। তিনি জানান, ঈদকে কেন্দ্র করে রাজধানীজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
ডিএমপি কমিশনার বলেন, ঢাকার দুই সিটি করপোরেশনের নির্ধারিত পশুর হাটগুলোতে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে। প্রতিটি হাটে পুলিশ উপস্থিতি, সাব-কন্ট্রোল রুম ও ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে।
এছাড়া বাংলাদেশ ব্যাংকের সহায়তায় জাল নোট শনাক্তকারী মেশিনও রাখা হয়েছে প্রতিটি হাটে।
তিনি আরও জানান, জাল নোট চক্র, অজ্ঞান পার্টি ও মলম পার্টির তৎপরতা রোধে ডিবি ও সাদা পোশাকের পুলিশ ২৪ ঘণ্টা মোতায়েন রয়েছে। পাশাপাশি মানি এসকর্ট সার্ভিসের মাধ্যমে বড় অঙ্কের নগদ অর্থ পরিবহন নিরাপদ করা হচ্ছে।
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে গাবতলী, সায়েদাবাদ, মহাখালী বাস টার্মিনাল, সদরঘাট লঞ্চ টার্মিনাল এবং কমলাপুর রেলস্টেশনে পুলিশ কন্ট্রোল রুম ও ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে।
এখানে অতিরিক্ত যাত্রী পরিবহন, হয়রানি ও যানজট নিয়ন্ত্রণে বিশেষ নজরদারি চলছে বলে জানান তিনি।
ডিএমপি কমিশনার বলেন, যাত্রী হয়রানি বা অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটরা মোবাইল কোর্ট পরিচালনা করছেন। বিআরটিএ ভিজিল্যান্স টিমও মাঠে রয়েছে।
তিনি আরও বলেন, যেখানে অভিযোগ পাওয়া যাবে, সেখানেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের নজরে এলেও তাৎক্ষণিক অ্যাকশন নেওয়া হচ্ছে।
ঢাকার প্রবেশ ও বের হওয়ার গুরুত্বপূর্ণ পয়েন্ট যেমন গাবতলী, উত্তরা ও যাত্রাবাড়ীতে চেকপোস্ট বসানো হয়েছে। পশুবাহী ট্রাক ও যানবাহনের সুশৃঙ্খল চলাচল নিশ্চিত করতে হাইওয়ে পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে।
ফিটনেসবিহীন যানবাহন ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধেও অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় ডিএমপি।