বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ -ছবি : সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের লেকগুলোতে পরিকল্পিতভাবে মাছ চাষ করলে দেশের মিঠাপানির মাছ উৎপাদনে নতুন দৃষ্টান্ত স্থাপন সম্ভব এমন মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
বৃহস্পতিবার (১৪ মে) মৎস্য অধিদপ্তরের ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় লেকে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, বিশ্ববিদ্যালয়ের ১৮০ একর জলাশয় আধুনিক পদ্ধতিতে মাছ উৎপাদনে ব্যবহার করলে এটি কয়েক হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বছরে কয়েক কোটি টাকার আয় সম্ভব। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, এত বড় জলাশয় থাকা সত্ত্বেও অতীতে যথাযথভাবে এই সম্ভাবনা কাজে লাগানো হয়নি।
অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে মোট ৩৯৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। পোনাগুলোতে ছিল রুই ১৫৮ কেজি, কাতলা ১১৮.৫ কেজি, মৃগেল ৭৯ কেজি এবং কালিবাউস ৩৯.৫ কেজি।
মন্ত্রী বলেন, দীর্ঘদিন মাছ চাষ না হওয়ায় এবং বাইরের পানির সঙ্গে সংযোগ থাকায় লেকগুলোতে কিছু ‘রাক্ষুস মাছ’ থাকতে পারে। এজন্য ছোট পোনার বদলে বড় আকারের পোনা অবমুক্ত করা হয়েছে যাতে সহজে নষ্ট না হয় এবং টিকে থাকে।
মন্ত্রী আরও বলেন, দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে হলে কৃষি ও মৎস্য খাতকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। ধান, পাট কিংবা মাছ কোনো ক্ষেত্রেই জমি বা জলাশয় অনাবাদি রাখা যাবে না। পরিকল্পিত ও প্রযুক্তিনির্ভর চাষাবাদের মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।
তিনি উল্লেখ করেন, দেশের ৭৫ থেকে ৯০ শতাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সঙ্গে যুক্ত। কৃষকের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পেলে দেশের সামগ্রিক অর্থনীতিও শক্তিশালী হবে। এ লক্ষ্যে সরকার কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, স্বল্পসুদে কৃষিঋণসহ বিভিন্ন কৃষিবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করছে।
উল্লেখ্য, আসন্ন কোরবানির ঈদে গবাদিপশুর কোনো সংকট নেই এবং বাংলাদেশ বর্তমানে মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। সীমান্ত পথে অবৈধ গবাদিপশু প্রবেশ ঠেকাতে সরকার, বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক জিয়া হায়দার চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অন্যান্য কর্মকর্তারা।