বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

কয়েক ঘণ্টার ব্যবধানে দেশের পাঁচ জেলা নওগাঁ, কক্সবাজার, টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও খুলনা থেকে ১১ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ এপ্রিল) রাত থেকে মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল পর্যন্ত এসব মরদেহ উদ্ধার করা হয়।
নওগাঁ : একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যা
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যার করেছে দুর্বৃত্তরা। সোমবার মধ্যরাতে বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে রাতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাহাদুরপুর গ্রামের নমির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৩২), হাবিবুরের স্ত্রী পপি সুলতানা (২৫), ছেলে পারভেজ (৯) এবং ৩ বছরের মেয়ে সাদিয়া আক্তার।
এলাকাবাসী জানায়, ফজরের নামাজের পর দরজা খোলা দেখে প্রতিবেশীরা ভেতরে ঢুকলে তাদের মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। জমি নিয়ে বিরোধের জেরে এমন হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নিহত পপি আক্তারের বাবা মোয়াজ্জেম হোসেন বলেন, আমার মেয়ে, জামাই, নাতি-নাতনিকে যারা হত্যা করেছে তাদের ফাঁসি চাই।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, হাবিবুর এবং তার স্ত্রীকে গলাকাটা অবস্থায় পাওয়া গেছে। আর তাদের দুই শিশু সন্তানের মাথায় আঘাতের চিহ্ন আছে।
কক্সবাজার : পাহাড় থেকে তিন যুবকের মরদেহ উদ্ধার
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকার গহীন পাহাড় থেকে তিন যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- উত্তর শীলখালী এলাকার রুহুল আমিনের ছেলে আমিনুল ইসলাম রবি (১৯), মৃত নুরুল কবিরের ছেলে মুজিবুর রহমান (৩৮) এবং মৃত নুরুল ইসলামের ছেলে নুর বশর (২০)। তারা সবাই স্থানীয় বাসিন্দা।
জানা যায়, সকালে কয়েকজন শ্রমিক পাহাড়ের পূর্ব পাশে কাজ করতে গেলে তিনটি মরদেহ পড়ে থাকতে দেখেন। তাদের চিৎকারে আশপাশের লোকজন জড়ো গয়ে পুলিশকে খবর দেয়।
বাহারছড়া ইউনিয়ন পরিষদের সদস্য হুমায়ুন কাদের জানান, সকালে স্থানীয়রা পাহাড়ের পাশ থেকে তিনটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। নিহতদের মধ্যে একজন তার আত্মীয় বলে জানান।
আরো দুইজন নিখোঁজ আছে জানিয়ে হুমায়ুন কাদের বলেন, তাদের সন্ধান পেতে খোঁজ চলছে।
বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় বিশ্বাস বলেন, খবর পাওয়ার পর পুলিশ গিয়ে মরদেহগুলো উদ্ধার করেছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের কাজ চলছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
টাঙ্গাইল : মা ও নবজাতকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার
টাঙ্গাইলের মির্জাপুরে মাটি খুঁড়ে অজ্ঞাত মা ও নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাতে উপজেলার জামুর্কী ইউনিয়নের গুনটিয়া গ্রামে লৌহজং নদীর সেতুর পাশ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যা ৬টার দিকে স্থানীয়রা ওই এলাকায় দুর্গন্ধ পান। তারা ঘটনাস্থলে গিয়ে নারীর চুল দেখতে পান। খবর পেয়ে পুলিশ মাটি খুঁড়ে ওই নারী ও নবজাতকের মরদেহ উদ্ধার করে।
মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ জানান, মাটি খুঁড়ে ওই নারীকে বের করে আনার সময় তার সঙ্গে এক নবজাতকের মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, ওই নারী প্রায় সাত মাসের গর্ভবতী ছিলেন। তার মৃত্যুর সময় নবজাতক প্রসব হয়। পরে দুইজনকে মাটিচাপা দেওয়া হয়। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।
খুলনা : শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
খুলনা মহানগরীর নিরালা আবাসিক এলাকায় এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত আটটার দিকে নিরালার ৭ নম্বর রোডের এফ-৮৫ নম্বর বাড়ির ষষ্ঠ তলা থেকে তার মরদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি।
নিহতের নাম উৎস রায়। তিনি দাকোপ উপজেলার রামনগর গ্রামের বাসিন্দা কনক কান্তি রায়ের ছেলে এবং নগরীর নর্থ ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন।
জানা যায়, গত কয়েকদিন ধরে তিনি মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই হতাশা থেকেই তিনি গলায় গামছা পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন।
সদর থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সিরাজগঞ্জ : অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় নদীর পাশ থেকে জাহের আলী আকন্দ (৬৫) নামের এক অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে সলঙ্গা থানার ফুলজোড় নদীর কালিকাপুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জাহের আলী আকন্দ সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত ইনসাফ আলী আকন্দের ছেলে।
সলঙ্গা থানার ওসি আসলাম উদ্দিন জানান, সোমবার সন্ধ্যায় জাহের আলী আকন্দ অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর ফিরে আসেননি। মঙ্গলবার সকালে ফুলজোড় নদীর কালিকাপুর এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় বলে জানান তিনি।