বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

একাধিক পাম্পের সামনে গাড়ির সারি প্রধান সড়ক পর্যন্ত বিস্তৃত হয়েছে -ছবি : সংগৃহীত
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় জ্বালানি তেল সংকটকে ঘিরে তীব্র অস্থিরতা তৈরি হয়েছে। ফিলিং স্টেশনগুলোতে তেল নিতে যানবাহনের দীর্ঘ সারি এখন নিয়মিত চিত্র হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে সড়কজুড়ে যানজট ও জনদুর্ভোগ আরও বেড়েছে।
ঢাকার বিভিন্ন পাম্পে মোটরসাইকেল ও গাড়িচালকদের ১০ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে বলে জানা গেছে। অনেকেই দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও জ্বালানি না পেয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। এর ফলে কর্মঘণ্টা নষ্ট হওয়ার পাশাপাশি দৈনন্দিন জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে।
রাজধানীর পল্টন, মহাখালী, তেজগাঁও, মগবাজার, গুলিস্তান, মতিঝিল ও আশপাশের এলাকায় একাধিক পাম্পের সামনে গাড়ির সারি প্রধান সড়ক পর্যন্ত বিস্তৃত হয়েছে। কোথাও কোথাও একাধিক লেন দখল হয়ে যাওয়ায় পুরো এলাকায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
ফিলিং স্টেশন কেন্দ্রিক যানজটের কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় ও ফ্লাইওভারগুলোতেও স্থবিরতা দেখা দিয়েছে। মগবাজার ফ্লাইওভার থেকে শুরু করে মহাখালী পর্যন্ত এলাকায় যানবাহন দীর্ঘ সময় আটকে থাকছে।
চালক ও যাত্রীরা বলছেন, একদিকে পাম্পের লাইনে অপেক্ষা অন্যদিকে সড়কে যানজট দুই দিকেই তারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
জ্বালানি সরবরাহ ঘাটতির প্রভাব শুধু রাজধানীতে সীমাবদ্ধ নেই। নারায়ণগঞ্জ, মাগুরা ও চাঁপাইনবাবগঞ্জসহ বিভিন্ন জেলায় ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ সারি দেখা গেছে। কোথাও কোথাও কয়েক কিলোমিটার পর্যন্ত যানবাহনের লাইন বিস্তৃত হয়েছে।
কৃষিনির্ভর এলাকায় ডিজেলের সংকট সবচেয়ে বেশি প্রভাব ফেলছে সেচ কার্যক্রমে ফলে কৃষি উৎপাদন নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
জ্বালানি সংকট ও পাম্পকেন্দ্রিক বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পেট্রোল পাম্প এলাকায় নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে, যাতে যানজট ও অনিয়ম নিয়ন্ত্রণে রাখা যায়।
পরিস্থিতির মধ্যেই বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) একযোগে কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করেছে। সংস্থার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে এই রদবদল করা হয় যা তাৎক্ষণিকভাবে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে হঠাৎ এই প্রশাসনিক পরিবর্তনের কারণ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।
জ্বালানি সংকট ও সরবরাহ ব্যবস্থার টানাপোড়েনের কারণে রাজধানীসহ সারাদেশে জনজীবনে বড় ধরনের চাপ তৈরি হয়েছে। পাম্পকেন্দ্রিক যানজট এবং অনিশ্চিত সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক না হলে এই দুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।