বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সহকারী প্রিসাইডিং কর্মকর্তাসহ অন্তত নয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে কেউ কেন্দ্রে দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে, কেউ কেন্দ্রে গিয়ে, কেউ ভোট দিয়ে ফেরার পথে মারা যান। জাগো নিউজের প্রতিনিধিদের পাঠানো খবর-
যাত্রাবাড়ীতে ভোট দিতে গিয়ে কেন্দ্রে ভোটারের মৃত্যু
রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন কাজলার দনিয়া অগ্রদূত স্কুল কেন্দ্রে ভোট দিতে গিয়ে অসুস্থ হয়ে আবু সাঈদ সরকার (৫৩) নামের এক ব্যক্তি মারা গেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
গাইবান্ধায় ভোট দিয়ে বাড়ি ফেরা হলো না বাশেদ আলীর
গাইবান্ধার সাঘাটায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগের পর না ফেরার দেশে চলে গেলেন বাশেদ আলী (৬৫) নামের এক বৃদ্ধ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার ওসমানেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এই ঘটনা ঘটে। নিহত বাশেদ আলী মধ্য ওসমানেরপাড়া গ্রামের কুদ্দুস আলীর ছেলে। পেশায় তিনি একজন কৃষক।
বিষয়টি নিশ্চিত করেন ওসমানেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জহুরুল ইসলাম বলেন, কেন্দ্র থেকে প্রায় ৫০০ গজ দূরে গিয়ে বাশেদ আলী অসুস্থ হন। পরে তিনি মারা যান। নিহত বাশেদ আলীর ছোট ভাই সাইদুর রহমান কেন্দ্রে একটি প্রতীকের এজেন্ট ছিলেন। বড় ভাই মারা যাওয়ার কারণে লিখিতভাবে বিষয়টি জানিয়ে অন্যকে এজেন্ট দিয়ে চলে গেছেন।
মানিকগঞ্জে ভোট দিতে গিয়ে বৃদ্ধের মৃত্যু
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ভোট দিতে গিয়ে বাবু (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মনিষা রানী কর্মকার বলেন, বিষয়টি শুনেছি। তিনি মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসেছিলেন। কেন্দ্রে প্রবেশের আগেই অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। পথে তার মৃত্যু হয়।
ভৈরবে ভোটকেন্দ্রের কাছে হৃদ্রোগে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু
কিশোরগঞ্জের ভৈরবে আইনশৃঙ্খলা বাহিনীর টহলের সময় আতঙ্কিত হয়ে হৃদরোগের আক্রান্তে আব্দুল রাজ্জাক (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার আগানগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটেছে।
এ বিষয়ে ভৈরব সহকারী রিটানিং কর্মকর্তা কে. এম মামুনুর রশীদ মুঠোফোনে জানান, এই ঘটনাটির সে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সম্পৃক্ততা নেই।
লাইনে দাঁড়ানো ভোটার অচেতন হয়ে পড়ে গেলেন, হাসপাতালে নিতে মৃত ঘোষণা
চট্টগ্রামে ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা এক ভোটার হঠাৎ অচেতন হয়ে পড়ে মারা গেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে চট্টগ্রাম-৯ আসনের কাজীর দেউড়ি পেয়ার মোহাম্মদ সরকারি বালক প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে দায়িত্ব পালনকালে মো. মুজাহিদুল ইসলাম (৫০) নামে এক পোলিং অফিসারের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে সরাইলের জেলা পরিষদের অডিটোরিয়ামে দায়িত্ব পালনের সময় তিনি মারা যান। মোজাহিদুল ইসলাম সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের ইসলামি ফাউন্ডেশনের একজন শিক্ষক ছিলেন।
খুলনায় ভোটকেন্দ্রে উত্তেজনা, বিএনপি নেতার মৃত্যু
খুলনা সদরের আলিয়া মাদরাসা ভোটকেন্দ্রে দুই পক্ষের উত্তেজনা ও হট্টগোলের মাঝে মহিবুজ্জামান কচি নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে। দলীয় সূত্রে জানা যায়, নিহত মহিবুজ্জামান কচি খুলনা মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক। নগরের হাজী মহসিন রোড বাইলেনে তার বাড়ি।
সাতক্ষীরায় কেন্দ্রে যাওয়ার পথে হৃদ্রোগে মৃত্যু
সাতক্ষীরার তালা উপজেলায় ভোটকেন্দ্রে যাওয়ার পথে হৃদ্রোগে আক্রান্ত হয়ে অনাথ ঘোষ (৫৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার মাছিয়ারা গ্রামের ভোলা ঘোষের ছেলে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ময়মনসিংহে সহকারী প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু
ময়মনসিংহের হালুয়াঘাটে একটি ভোটকেন্দ্রের দ্বায়িত্বপ্রাপ্ত এক সহকারী প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে তিনটার দিকে মারা যান তিনি। ওই সহকারী প্রিজাইডিং কর্মকর্তার নাম রেজাউল করিম। তিনি একই উপজেলার মাজরাকুড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
বিষয়টি নিশ্চিত করেছেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আলীনূর খান।
তিনি বলেন, উপজেলার ৭০ নম্বর ধরাবন্নি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন রেজাউল করিম। রাত ৩টার দিকে রেজাউল করিম শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে যান। বিষয়টি জানতে পেরে সংশ্লিষ্ট প্রিজাইডিং কর্মকর্তা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. এমদাদুল হককে অবগত করেন। পরে তিনি দ্রুত রেজাউল করিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।