বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

চাঁদা না পেয়ে কার্যালয়ে লুটপাট
ঢাকার কেরানীগঞ্জের আরশিনগরে ‘আফসানা হাউজিং’ নামের একটি আবাসন উন্নয়ন প্রতিষ্ঠানের কার্যালয়ে প্রকাশ্যে হামলা, ভাঙচুর ও মালামাল লুটের ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠানটির মালিক সজীব ব্যাপারীর অভিযোগ, দাবি অনুযায়ী ৪০ লাখ টাকা চাঁদা পরিশোধ না করায় ভাড়াটে সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের সদস্যদের পাঠিয়ে এ হামলা চালানো হয়েছে। হামলায় প্রায় এক কোটি টাকা মূল্যের দাপ্তরিক আসবাবপত্র, যন্ত্রপাতি ও নগদ অর্থ লুট হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মো. নাসির।
গত রবিবার (৪ অক্টোবর) বেলা ১১টা ২৬ মিনিটে আরশিনগরের ওই ফাঁকা কার্যালয়ে খালি একটি মিনি-ট্রাক বা পিকআপ ভ্যান নিয়ে হাজির হয় প্রায় ৩০ জন যুবকের একটি সশস্ত্র দল।
কার্যালয়ের সিসিটিভি ফুটেজে দেখা যায়, রামদা ও লাঠিসোঁটায় সজ্জিত হয়ে ওই যুবকেরা ভেতরে প্রবেশ করে বিভিন্ন কক্ষের দরজা কুপিয়ে তছনছ করছে। এরপর কক্ষগুলো থেকে সোফাসেট, টেলিভিশন ও ক্যাশের টাকা লুটের পাশাপাশি দেওয়ালের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) এবং বাইরের আউটডোর ইউনিট পর্যন্ত খুলে পিকআপে তোলে তারা। পানি গরম করার গিজার ও মূল্যবান আসবাবপত্র ট্রাকে ভরে নির্বিঘ্নে সেখান থেকে সটকে পড়ে হামলাকারীরা।
ব্যবস্থাপক মো. নাসির জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় আবাসন ব্যবসা পরিচালনার শর্ত হিসেবে ৪০ লাখ টাকা চাঁদা দাবি করা হচ্ছিল; সেই দাবি প্রত্যাখ্যান করায় পরিকল্পিতভাবে এ তাণ্ডব চালিয়ে প্রায় এক কোটি টাকার মালামাল নিয়ে গেছে চক্রটি। প্রতিষ্ঠানের কর্ণধার সজীব ব্যাপারী ক্ষোভ প্রকাশ করে বলেন, চাঁদা দিয়ে ব্যবসা করতে রাজি না হওয়ায় তাঁর কার্যালয়কে লক্ষ্যবস্তু করা হয়েছে। এ ঘটনার পর থেকে তিনি ও তাঁর কর্মীরা চরম প্রাণভয় ও নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রতিষ্ঠানের সামগ্রিক কার্যক্রম বন্ধ হয়ে গেছে। ঘটনার পরদিন তিনি ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় একটি আনুষ্ঠানিক মামলা দায়ের করেন।