বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম
সাধারণ মানুষ তরুণ ও শিক্ষার্থীদের ইতিবাচক আচরণকে আদর্শ হিসেবে অনুসরণ করে উল্লেখ করে ডেঙ্গু প্রতিরোধ ও অনিয়ন্ত্রিত বর্জ্য অপসারণে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেন, প্রাণহীন ও দূষিত হয়ে পড়া ঢাকাকে একটি নিরাপদ ও পরিচ্ছন্ন নগরী হিসেবে টিকিয়ে রাখতে শিক্ষার্থীদেরই সর্বাগ্রে সক্রিয়ভাবে মাঠে নামতে হবে।
রোববার (৪ অক্টোবর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অর্থায়নে প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে সংস্কার ও আধুনিকায়নকৃত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় মিলনায়তনের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিএসসিসি প্রশাসক উল্লেখ করেন, শিক্ষার্থীদের দায়িত্বশীল ও সচেতন সামাজিক ভূমিকা পুরো নাগরিক ব্যবস্থার ওপর গভীর ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম। এ কারণে ডেঙ্গু সংক্রমণ রোধে জনসচেতনতা তৈরি এবং ক্যাম্পাস ও সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা নিশ্চিত করার অভিযানে তরুণ প্রজন্মকে সরাসরি সম্পৃক্ত হওয়ার তাগিদ দেন তিনি। অনুষ্ঠানে ঐতিহাসিক বাহাদুর শাহ পার্কের সার্বিক রক্ষণাবেক্ষণ ও সৌন্দর্যবর্ধনের দায়িত্ব জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সাধারণ শিক্ষার্থীদের ওপর ন্যস্ত করার ঘোষণা দেন তিনি। প্রশাসক স্পষ্টভাবে বলেন, ১৮৫৭ সালের ঐতিহাসিক সিপাহি বিপ্লবের বীরত্বগাথা ও আত্মত্যাগের স্মৃতিবিজড়িত এমন একটি গুরুত্বপূর্ণ জাতীয় স্মারক কিছুতেই অবহেলা, অযত্ন ও প্রশাসনিক অব্যবস্থাপনায় ফেলে রাখা যায় না। এর ঐতিহাসিক মর্যাদা অটুট রাখতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের যৌথভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনে খেলাধুলার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে ডিএসসিসি প্রশাসক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ঐতিহ্যবাহী ‘ধূপখোলা মাঠ’ সুনির্দিষ্টভাবে বরাদ্দ দেওয়ার আনুষ্ঠানিক প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে ঐতিহ্যবাহী পুরান ঢাকাকে কেন্দ্র করে একটি সুস্থ ও অর্থবহ সাংস্কৃতিক বিপ্লব গড়ে তুলতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবারকে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। এছাড়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অদূরে রাজনৈতিক সহিংসতার শিকার হয়ে নির্মমভাবে নিহত দর্জি বিশ্বজিৎ দাসের স্মরণে একটি ‘ফ্যাসীবাদ বিরোধী চত্বর’ নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রশাসক। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের বিশেষ দাবির প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে এ ঘোষণা দেওয়া হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।