বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ককটেল বিস্ফোরণ এবং বাসে অগ্নিসংযোগের ঘটনার পর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তাবলয় গড়ে তুলেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নগরীর গুরুত্বপূর্ণ মোড় ও প্রবেশপথসহ দুই শতাধিক স্থানে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে শুরু হয়েছে ব্যাপক তল্লাশি কার্যক্রম।
সরেজমিনে দেখা গেছে, রাজধানীর প্রধান সড়কগুলোর মোড়ে মোড়ে পুলিশের তৎপর উপস্থিতি। ব্যারিকেডের সামনে দাঁড় করিয়ে গণপরিবহন, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল থামিয়ে চালকদের জিজ্ঞাসাবাদ এবং কাগজপত্র পরীক্ষা করা হচ্ছে। কোনো চালক বা যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তল্লাশি করা হচ্ছে গাড়ির ভেতরের অংশ ও মালামাল। বিশেষ করে মোটরসাইকেলের বৈধতা যাচাই ও অবৈধ যান চলাচল বন্ধে কড়া নজরদারি চালানো হচ্ছে, যার ফলে কোথাও কোথাও সাময়িক যানজট তৈরি হলেও তল্লাশি শেষে গাড়িগুলো ছেড়ে দেওয়া হচ্ছে।
গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর সাতটি গুরুত্বপূর্ণ পয়েন্টে ১৪টি ককটেল বিস্ফোরণ এবং কাফরুল থানার সামনে একটি বাসে আগুন দেওয়ার ঘটনার পরই এই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। মালিবাগ, আগারগাঁও, মহাখালী, যাত্রাবাড়ী, বাবুবাজার থেকে মগবাজার পর্যন্ত বিস্তৃত এলাকায় পুলিশের দৃশ্যমান টহল কয়েক গুণ বাড়ানো হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, নগরবাসীর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীজুড়ে এই সমন্বিত বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। ঢাকার দুই শতাধিক পয়েন্ট, বিশেষ করে প্রধান প্রবেশদ্বার ও ফ্লাইওভারগুলোতে নিবিড় তল্লাশি চলছে।
নগরের নিরাপত্তায় থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি), কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যদের মাঠে নামানো হয়েছে। চেকপোস্ট ছাড়াও বাড়ানো হয়েছে মোবাইল প্যাট্রোল, ফুট প্যাট্রোল ও হোন্ডা প্যাট্রোলিং। বড় ধরনের নাশকতা বা অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে ডিএমপির সব বিভাগকে সার্বক্ষণিক সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে।