বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

মো. শফিকুল ইসলাম খান
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত জনকল্যাণ ও উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে কোনো বিশেষ মহল বা কায়েমি স্বার্থান্বেষী গোষ্ঠী বাধা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালালে অতীতের মতোই ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ডিএনসিসি আয়োজিত এক বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনকালে আজ তিনি এ কথা বলেন।
ডিএনসিসি প্রশাসক উল্লেখ করেন, বিগত প্রায় চার দশক ধরে রাজপথে রাজনৈতিক সহকর্মী ও সহযোদ্ধা হিসেবে যাঁরা প্রতিটি আন্দোলন-সংগ্রামে পাশে ছিলেন, তাঁদের সবাইকে সঙ্গে নিয়েই আজ প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন করা হচ্ছে। তিনি স্মরণ করেন যে, জীবদ্দশায় এই বিশেষ দিনে দেশজুড়ে দোয়া মাহফিল, কেক কাটা এবং নানা সামাজিক কর্মসূচির আয়োজন করা হতো। তিনি আজ শারীরিকভাবে উপস্থিত না থাকলেও তাঁর বিদেহী আত্মার মাগফিরাত এবং মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, সে জন্য সবার প্রতি বিশেষ দোয়ার আহ্বান জানান তিনি।
তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, যতদিন বেঁচে থাকবেন, বেগম খালেদা জিয়ার দেশপ্রেম ও রাজনৈতিক আদর্শকে ধারণ করে তিনি যেভাবে দেশ ও সাধারণ মানুষের কল্যাণে আজীবন আত্মনিয়োগ করেছিলেন, ঠিক সেই পথ অনুসরণ করেই প্রতিটি উন্নয়ন কর্মকাণ্ড ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হবে।
দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধাদের উদ্দেশে প্রশাসক বলেন, শহরের ইতিবাচক উন্নয়ন ও সংস্কারমূলক কাজে সকলের সার্বিক সহযোগিতা প্রয়োজন। নাগরিক জীবনের মানোন্নয়ন ও পরিবেশ সুরক্ষায় ঢাকাকে একটি আধুনিক ‘ক্লিন ও গ্রিন’ নগরীতে রূপান্তরের লক্ষ্যে সমন্বিত উদ্যোগ নিয়ে কাজ চলছে।
এ প্রসঙ্গে তিনি জানান, রাজধানীর মিয়াকো বনে বড় পরিসরে নগর বনায়ন কার্যক্রম শুরু করা হয়েছে এবং ইতোমধ্যে সেখানে ৩০ হাজারের বেশি পরিবেশবান্ধব গাছের চারা রোপণ সম্পন্ন হয়েছে। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী তৃতীয় ধাপের এলাকাগুলোতেও পর্যায়ক্রমে বৃক্ষরোপণ করা হবে।
ডিএনসিসি প্রশাসক আরও জানান, অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁর কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই দৃষ্টিনন্দন মিয়াকো বন পরিদর্শনের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হবে।
তিনি জোর দিয়ে বলেন, একটি পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে সিটি কর্পোরেশন তার ওপর অর্পিত সব দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবে। তবে যে এলাকায় এই সবুজ বন গড়ে তোলা হচ্ছে, সেখানকার ভবিষ্যৎ প্রজন্ম যাতে নির্মল বাতাস ও প্রাকৃতিক অক্সিজেন পায়, তা নিশ্চিত করতে স্থানীয় বাসিন্দাদেরও রক্ষণাবেক্ষণে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে সরকারের প্রতিনিধি ও নেতাকর্মীরা সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে দিনরাত কাজ করে যাচ্ছেন। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ গড়ে তোলার জন্য সর্বোচ্চ প্রয়াস চালাচ্ছেন। ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান যে বৃক্ষরোপণ উদ্যোগ নিয়েছেন, এটি কেবল কোনো একক ব্যক্তির কর্মসূচি নয়, বরং সরকারের গৃহীত সামগ্রিক পরিবেশ রক্ষা নীতির অংশ। সরকারের এই মহতী উদ্যোগ বাস্তবায়নে সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরীসহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।