বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

অ্যাডভোকেট রুহুল কবির রিজভী
সাংবাদিক আব্দুস সালামের আপসহীন জীবন ও দীর্ঘ সংগ্রাম স্বাধীনচেতা, সাহসী ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার এক অনন্য ও চিরন্তন দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
রবিবার প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) মিলনায়তনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং পিআইবির যৌথ উদ্যোগে আয়োজিত সাংবাদিক আব্দুস সালামের ১১৬তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিল সাংবাদিক আব্দুস সালাম স্মৃতি সংসদ।
আব্দুস সালামের সংগ্রামী কর্মজীবন ও নীতিনিষ্ঠার স্মৃতিচারণ করে রুহুল কবির রিজভী বলেন, "কলিকাতা বিশ্ববিদ্যালয় ও প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজি সাহিত্যে উচ্চশিক্ষা সম্পন্ন করে সরকারি চাকরি ছেড়ে সাংবাদিকতার মহান ব্রতে আত্মনিয়োগ করেছিলেন আব্দুস সালাম। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মতোই তিনি লেখনীর মাধ্যমে কর্তৃত্ববাদ, সামরিক শাসন ও কায়েমি স্বার্থের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করেছেন এবং বারবার কারাবরণ করেছেন।
১৯৫২ সালের ভাষা আন্দোলনের চূড়ান্ত পর্যায়ের মাত্র এক সপ্তাহ আগে মাতৃভাষার পক্ষে কলম ধরায় তাঁকে ধর্মবিরোধী তকমা দিয়ে গ্রেফতার করা হয়েছিল। পরবর্তীতে আইয়ুব খানের ‘ফ্রেন্ডস নট মাস্টার্স’ বইয়ের কঠোর সমালোচনা করে ‘অবজারভার’-এ নিবন্ধ প্রকাশের পরদিনই পত্রিকাটি বন্ধ করে তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়। তিনি শুধু ডেস্কে বসে খবর লেখা সাংবাদিক ছিলেন না, বরং সমাজ ও রাষ্ট্রের গভীর সংকটে একজন নির্ভীক অ্যাক্টিভিস্টের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। কোনো অর্থ, হুমকি কিংবা রাষ্ট্রীয় ক্ষমতার কাছে তিনি কখনো নতি স্বীকার করেননি।"
অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রধানমন্ত্রীর তথ্য, সম্প্রচার ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী এবং গঠনমূলক সমালোচনা গ্রহণে অত্যন্ত উদার। তিনি উল্লেখ করেন, একটি প্রকৃত গণতান্ত্রিক সরকার মতপ্রকাশের স্বাধীনতা হরণ না করে গণমাধ্যমকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করবে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম সাংবাদিক আব্দুস সালামকে পিআইবির স্বপ্নদ্রষ্টা ও বাতিঘর হিসেবে আখ্যায়িত করেন। বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী বলেন, সঠিক ও স্বাধীন গণমাধ্যম ছাড়া কোনো রাষ্ট্র মাথা উঁচু করে দাঁড়াতে পারে না; আব্দুস সালামের দেশপ্রেম, মেধা ও পেশাগত সততা বর্তমান প্রজন্মের সাংবাদিকদের জন্য পরম অনুকরণীয়।
পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফের সভাপতিত্বে এবং ‘বাংলাদেশ প্রতিদিন’-এর সম্পাদক লোটন একরামের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান, ‘দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস’-এর সম্পাদক শামসুল হক জাহিদ, টেলিভিশন এডিটরস কাউন্সিলের আহ্বায়ক ড. আবদুল হাই সিদ্দিক, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, টেলিভিশন এডিটরস কাউন্সিলের সদস্য সচিব সৈয়দ জুবায়ের আহমেদ বাবু এবং সাংবাদিক আব্দুস সালাম স্মৃতি সংসদের সভাপতি রেহানা সালাম।