বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে বিপুলসংখ্যক শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হওয়ায় উত্তরপত্র মূল্যায়নের মান ও পরীক্ষকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (২৩ নভেম্বর) সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘কর্মসংস্থান সৃষ্টিতে তরুণ উদ্যোক্তা: বিশ্ববিদ্যালয়ই হতে পারে নতুন উদ্যোক্তা সৃষ্টির সূতিকাগার’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষকদের পাবলিক পরীক্ষার খাতা মূল্যায়নে কতটা দুর্বলতা থাকলে পুনর্নিরীক্ষণের পর এত শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়, তা গভীরভাবে ভাবার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
তিনি জানান, শুধু সাধারণ শিক্ষা বোর্ডগুলোতেই ২৫ হাজার ৮০০ শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। মন্ত্রীর ভাষায় পরীক্ষকদের মূল্যায়নে কতটা দুর্বলতা থাকলে পুনর্মূল্যায়নে আবার ২৫ হাজার শিক্ষার্থীর খাতার নম্বর বাড়ে, তা তো এখন ভাবনার বিষয় হয়ে দাঁড়িযেছে।
খাতা দেখার আগের প্রবণতা ও বর্তমান অবস্থান তুলে ধরে ড. এহছানুল হক মিলন বলেন, আগে না লিখলেও পাস করিয়ে দেওয়ার প্রবণতা ছিল। কিন্তু এবার উত্তরপত্রে শিক্ষার্থী লিখেছে কি না, লেখা সঠিক হয়েছে কি না এবং পরীক্ষক ঠিকভাবে খাতা মূল্যায়ন করতে পারছেন কি না—তা যাচাই করা হচ্ছে। এ ক্ষেত্রে পরীক্ষকদের আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ দেন তিনি।
এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের প্রসঙ্গ টেনে শিক্ষামন্ত্রী বলেন, এসএসসিতে সাড়ে চার হাজার শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে, পাঁচ হাজার শিক্ষার্থী ফেল থেকে পাস করেছে এবং ৩ হাজার ৮৯ জন নতুন করে জিপিএ-৫ পেয়েছে। আর আজকে ২৫ হাজার ৮০০ জনের গ্রেড পরিবর্তন হওয়ায় স্পষ্ট হচ্ছে যে দুর্বলতা পরীক্ষকদের মধ্যেই রয়েছে।
এইচএসসির পুনর্নিরীক্ষণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ১ থেকে ৭ নভেম্বরের মধ্যে দুই লাখের বেশি খাতা পুনর্মূল্যায়ন করে ফল প্রকাশ করা হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে আবেদনের সময় দুই দিন বাড়ানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।
সাপ্লিমেন্টারি পরীক্ষার বিষয়ে তিনি জানান, আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে সাপ্লিমেন্টারি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। সাপ্লিমেন্টারি পরীক্ষার আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়া সংক্রান্ত রিটের স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ায় কাউকে ঠেকানো যাবে না বলে উল্লেখ করলেও এ বিষয়ে অনুরোধ জানানো হয়েছে বলে জানান তিনি।
এ ছাড়া অনুষ্ঠানে তরুণ উদ্যোক্তা তৈরির লক্ষ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে স্থানীয় শিল্পপ্রতিষ্ঠানের সংযোগ স্থাপনের উদ্যোগের কথাও তুলে ধরেন শিক্ষামন্ত্রী। এর ফলে শিক্ষা কার্যক্রমের সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের সম্পৃক্ততা বাড়বে এবং তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার সুযোগ তৈরি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।