বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) সাম্প্রতিক প্রতিবেদনকে পক্ষপাতদুষ্ট বলে মন্তব্য করেছেন। তাঁর দাবি, যথাযথ তথ্য যাচাই-বাছাই ছাড়াই সংস্থাটি প্রতিবেদন প্রকাশ করেছে।
বুধবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
এর আগে বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে হিউম্যান রাইটস ওয়াচ বলেছিল, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আন্তর্জাতিক আইনি মানদণ্ড বজায় রাখতে কর্তৃপক্ষ ব্যর্থ হচ্ছে। এতে ভুক্তভোগীদের ন্যায়বিচার ব্যাহত হওয়ার আশঙ্কা, আইনের শাসন ক্ষুণ্ন হওয়ার ঝুঁকি এবং রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে অপব্যবহারের সম্ভাবনার কথা উল্লেখ করা হয়।
এর প্রতিক্রিয়ায় চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনালের প্রসিকিউশন বা তদন্ত সংস্থার কর্মকর্তাদের দক্ষতা ও মান নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। বরং তাঁর মতে, হিউম্যান রাইটস ওয়াচসহ কিছু সংস্থা অভিযুক্তদের তথ্যের ওপর নির্ভর করে পক্ষপাতদুষ্ট প্রতিবেদন প্রকাশ করছে।
তিনি বলেন, ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন এবং প্রসিকিউশন টিমের সদস্যরা দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন ফৌজদারি আইনজীবী।
বিচারের আন্তর্জাতিক মান নিয়ে প্রশ্নের জবাবে মো. আমিনুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩ বাংলাদেশের নিজস্ব আইন। এ আইনের আওতায় দেশীয় বিচারক ও আইনজীবীদের মাধ্যমেই বিচার কার্যক্রম পরিচালিত হবে।
সাক্ষীদের বক্তব্যের মিল নিয়ে এইচআরডব্লিউর পর্যবেক্ষণের প্রসঙ্গ টেনে তিনি বলেন, একই ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষীদের বক্তব্যে স্বাভাবিকভাবেই মিল থাকতে পারে।
তিনি আরও বলেন, কোনো নির্দিষ্ট আসামির পক্ষে অবস্থান নিয়ে প্রতিবেদন প্রকাশ করা গ্রহণযোগ্য নয়।