বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

শাওন, মাহি ও শান্তা ফারজানা -ছবি : সংগৃহীত
অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানার বিরুদ্ধে জুলাই আন্দোলনকে অবমাননা ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর বক্তব্য প্রচারের অভিযোগে শাহবাগ থানায় লিখিত আবেদন জমা পড়েছে। অভিযোগটি তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার বিভাগে পাঠানো হয়েছে।
শনিবার (৪ জুলাই) শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অভিযোগে সাইবার সংশ্লিষ্ট বিষয় থাকায় প্রাথমিক যাচাই-বাছাই ও তদন্তের জন্য সেটি ডিবি সাইবার বিভাগে পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, রাষ্ট্র সংলাপ ফোরাম নামের একটি সংগঠনের তিনজন প্রতিনিধি শুক্রবার (৩ জুলাই) সকালে থানায় গিয়ে অভিযোগটি দাখিল করেন। অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বক্তব্য ও কর্মকাণ্ড তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
অভিযোগপত্রে রাষ্ট্র সংলাপ ফোরামের কেন্দ্রীয় সদস্য সচিব আনম আয়াস, তুহিন ফরাজী এবং কেন্দ্রীয় মুখ্য সংগঠক মুহাম্মদ শাহ্ আলম বাদশা স্বাক্ষর করেন।
তাদের অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই আন্দোলন বহু মানুষের আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হয়ে উঠেছে। কিন্তু সম্প্রতি কয়েকজন ব্যক্তি আন্দোলন, এর স্মৃতিচিহ্ন এবং অংশগ্রহণকারীদের নিয়ে অবমাননাকর মন্তব্য ও কর্মকাণ্ডে জড়িয়েছেন বলে তারা দাবি করেন।
অভিযোগ অনুযায়ী, শান্তা ফারজানা নামে এক নারীর বিরুদ্ধে জুলাই স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ বা আঘাত করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের অভিযোগ আনা হয়েছে। একইসঙ্গে মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে বিভিন্ন ভিডিও বার্তায় জুলাই আন্দোলন সম্পর্কে অবমাননাকর ও বিতর্কিত মন্তব্য করার অভিযোগ করা হয়েছে।
এছাড়া মাহিয়া মাহির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে জুলাই আন্দোলনের অংশগ্রহণকারী ব্যক্তি ও সংগঠনগুলোকে কটাক্ষ এবং তাদের কর্মকাণ্ডকে অভিনয়ের সঙ্গে তুলনা করার অভিযোগ উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীদের দাবি, এসব বক্তব্য জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
পুলিশ জানিয়েছে, ডিবি সাইবার বিভাগের তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, ২০২৪ সালে কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরবর্তীতে গণঅভ্যুত্থানে রূপ নেয়। ওই বছরের ৫ আগস্ট তৎকালীন সরকারের পতনের মধ্য দিয়ে আন্দোলনটি বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে পরিচিতি লাভ করে।