বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

গুলি করে ৩ কোটি ছিনতাই
গাজীপুরের শ্রীপুরে চলন্ত প্রাইভেটকারে গুলি ছুড়ে ও ভাঙচুর চালিয়ে একটি বিকাশ ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠানের প্রায় ৩ কোটি টাকা ছিনতাই করেছে সশস্ত্র দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যায় শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় সংঘটিত এ হামলায় প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টস ম্যানেজার গুলিবিদ্ধসহ অন্তত ৩ জন কর্মকর্তা আহত হয়েছেন।
শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা ঘটে।
আহতরা হলেন—বিকাশের হিসাব ব্যবস্থাপক (অ্যাকাউন্টস ম্যানেজার) হিমেল, গাড়িচালক লাল মিয়া এবং এরিয়া ম্যানেজার ফরহাদ হোসেন। তাঁরা সবাই শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় বিকাশের এজেন্ট কার্যক্রম পরিচালনাকারী পরিবেশক প্রতিষ্ঠান ‘ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ লিমিটেড’-এর কর্মী। গুলিবিদ্ধ হিমেলকে তাৎক্ষণিকভাবে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, শুক্রবার ব্যাংক বন্ধ থাকা এবং আশপাশের পোশাক কারখানার শ্রমিকদের বেতন পরিশোধের অতিরিক্ত চাপ থাকায় মাওনা কার্যালয়ে নগদ টাকার তীব্র সংকট দেখা দেয়। সংকট মেটাতে প্রাতিষ্ঠানিক সমন্বয়ের অংশ হিসেবে নরসিংদী সদরের বিকাশ ডিস্ট্রিবিউটর হজরত আলী মুন্সীকে ডিজিটাল ব্যালেন্স প্রদান করে একটি প্রাইভেটকারে করে সমপরিমাণ নগদ টাকা শ্রীপুরে আনা হচ্ছিল। গাড়িটি কর্ণপুর এলাকায় পৌঁছালে ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আসা একদল সশস্ত্র ডাকাত পথরোধ করে। দুর্বৃত্তরা চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্র দিয়ে গাড়ির কাচ গুঁড়িয়ে দেয় এবং পিস্তল দিয়ে হিমেলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গাড়িতে থাকা ৩টি প্লাস্টিকের বস্তায় মোট ৪ কোটি টাকা রাখা ছিল, যেখান থেকে বস্তাগুলো ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা; প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রাথমিকভাবে প্রায় ৩ কোটি টাকা লুটের আশঙ্কা করা হচ্ছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের গ্রেপ্তার ও অর্থ উদ্ধারে জোর অভিযান চলছে।