বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বঙ্গোপসাগরের নিচ দিয়ে ভারত চারদিকে গ্যাস তুলে নিয়ে যাচ্ছে। ‘আমাদের গ্যাসও নিচ দিয়ে চলে যাচ্ছে’ এ বিষয়ে আগের সরকারের কোনো ভূমিকা ছিল না বলেও মন্তব্য করেন তিনি।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
সাখাওয়াত হোসেন বলেন, একাত্তরের পরাজিত শক্তি ডিসেম্বরে দেশের পতনের কথা বলছে। দিল্লিতে বসে ফ্যাসিবাদের দোসররাও ফিরে এসে ‘দেখে নেওয়ার’ কথা বলছে। তার ভাষ্য, দুটি অপশক্তি একত্র হয়ে দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এর কারণ হিসেবে তিনি বলেন, তারা জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন এবং মানুষের ভালোবাসা অর্জন করেছেন। ‘আমাদের কোনো প্রতিবেশী প্রভু নেই, আছে কেবল বন্ধু।’
আদানির বিদ্যুৎ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আদানি বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করত। কিন্তু দেশে বিদ্যুতের ঘাটতি তৈরি করে জনমনে অসন্তোষ ও ক্ষোভ সৃষ্টির লক্ষ্যে সরবরাহ অর্ধেকে নামিয়ে আনা হয়েছে বলে তিনি দাবি করেন।
সারের ডিলারশিপ প্রসঙ্গে তিনি বলেন, যাদের ডিলারশিপ দেওয়া হয়েছিল, তাদের কেউ কেউ ফ্যাসিবাদের এজেন্ট হলেও গণতান্ত্রিক সরকার হিসেবে কাউকে বাদ দেওয়া হয়নি। কারণ, তাদের কোনো রাজনৈতিক বিদ্বেষ নেই।
কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের সমালোচনা করে সাখাওয়াত হোসেন বলেন, দেশে কয়লা নেই। আগের সরকার কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র করেছিল মূলত ‘চোরের রেন্টাল’ হিসেবে। কোটি কোটি টাকা হাতিয়ে নিতে নির্দিষ্ট কিছু গোষ্ঠীকে দিয়ে এসব করা হয়েছিল বলে মন্তব্য করেন তিনি। তার প্রশ্ন, ‘আজকে সেই বিদ্যুৎকেন্দ্রগুলো কোথায়? তারা আর বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না।’
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বিএনপির নেতা তারেক রহমান বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। বিশ্বদরবারেও তিনি সুপ্রতিষ্ঠিত হয়েছেন বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, জাতিসংঘে তারেক রহমানের বক্তব্যের পরই স্বীকৃতি এসেছে যে তিনিই বাংলাদেশের প্রকৃত নেতা।
সাখাওয়াত হোসেন বলেন, প্রধানমন্ত্রীর মনে কোনো হিংসা বা বিদ্বেষ নেই। প্রতিপক্ষরা বিষয়টি মেনে নিতে না পেরে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে তিনি অভিযোগ করেন। কোথাও হঠাৎ পটকা ফাটিয়ে, মিছিল বের করে কিংবা ব্যানার টাঙিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, তিনি প্রধানমন্ত্রীর কাছ থেকে স্পষ্ট নির্দেশনা নিয়ে এসেছেন। বাংলার জমিনে, বিশেষ করে মানিকগঞ্জে কাউকে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে দেওয়া যাবে না। ফ্যাসিবাদের যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।
আগামী স্থানীয় সরকার নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করে তাকে বিজয়ী করার জন্যও দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।