বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু
পার্বত্য চট্টগ্রামের পর্যটন সম্ভাবনাকে সর্বোচ্চ কাজে লাগাতে বান্দরবানকে একটি শতভাগ পরিচ্ছন্ন, নিরাপদ ও পর্যটকবান্ধব জেলা হিসেবে গড়ে তোলার ওপর জোর দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু। পর্যটকদের কাছে জেলার ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে শহরের প্রবেশদ্বার থেকে শুরু করে প্রতিটি পর্যটন কেন্দ্রকে সুশৃঙ্খল ও দৃষ্টিনন্দন করার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত পর্যটন উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী সাচিং প্রু এ নির্দেশনা দেন।
পাহাড় ও সমতলের জনগোষ্ঠীর মধ্যে অটুট সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করে পার্বত্য মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দর্শন এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘রংধনু জাতি’ গঠনের স্বপ্ন বাস্তবায়নে পার্বত্য অঞ্চলের বৈচিত্র্যময় সংস্কৃতি ও জনগোষ্ঠী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ সময় তিনি রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলাকে যুক্ত করে একটি সমন্বিত পর্যটন সার্কিট চালুর সম্ভাবনার কথাও তুলে ধরেন।
আসন্ন অক্টোবর মাস থেকে পার্বত্য অঞ্চলে পর্যটকদের আগমন বাড়বে উল্লেখ করে মন্ত্রী সংশ্লিষ্ট দপ্তর ও হোটেল-পরিবহন মালিকদের আগাম প্রস্তুতি নেওয়ার তাগিদ দেন। বিশেষ করে বান্দরবানের অন্যতম প্রবেশদ্বার কেরানীহাট এবং পার্শ্ববর্তী সংযোগ সড়কগুলোকে সার্বক্ষণিক যানজটমুক্ত ও আবর্জনামুক্ত রাখার নির্দেশ দেন তিনি।
আতিথেয়তা ও সেবার মান প্রসঙ্গে মন্ত্রী বলেন, হোটেল ও রেস্তোরাঁর রান্নাঘর থেকে শুরু করে আবাসিক কক্ষ এবং ওয়াশরুমে সর্বোচ্চ স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে খাবারসহ সার্বিক সেবার মূল্য পর্যটকদের সাধ্যের মধ্যে রাখার ওপর জোর দেন তিনি।
ট্যুরিস্ট গাইডদের জেলার ‘দূত’ হিসেবে আখ্যায়িত করে তাঁদের আচার-আচরণ ও যোগাযোগ দক্ষতা মার্জিত করার আহ্বান জানানোর পাশাপাশি বিদেশি পর্যটকদের সুবিধার্থে ইংরেজিতে পারদর্শী গাইড তৈরির পরামর্শ দেন মন্ত্রী। পাহাড়ি আঁকাবাঁকা ও ঝুঁকিপূর্ণ সড়কে পর্যটকদের জীবন রক্ষায় চালকদের গতি নিয়ন্ত্রণে রেখে সাবধানে গাড়ি চালানোর কড়া নির্দেশ দেন তিনি।
মন্ত্রী বলেন, পর্যটন শিল্পের টেকসই বিকাশ কোনো একক সংস্থার পক্ষে সম্ভব নয়; স্থানীয় প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ, পরিবহন ও হোটেল মালিক সমিতি এবং সাধারণ জনগণের সমন্বিত প্রচেষ্টাতেই বান্দরবানকে একটি আদর্শ ও মডেল পর্যটন নগরী হিসেবে রূপ দেওয়া সম্ভব।
বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় জেলা পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকারসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।