বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অতীতের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি স্বচ্ছ ও নিরপেক্ষ হবে বলে আশ্বস্ত করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন। এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার সব ধরনের কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণ করছে বলেও তিনি জানান। রবিবার (১৩ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত নাটোর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ফারজানা শারমীন বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রতীক থাকছে না। এর ফলে সাধারণ ভোটাররা কোনো দলীয় বলয়ে আবদ্ধ না থেকে সরাসরি যোগ্য, মেধাবী এবং শিক্ষিত সৎ ব্যক্তিদের মূল্যায়ন করার পূর্ণ সুযোগ পাবেন। সরকার এই নির্বাচনের মাধ্যমে অতীতে ধ্বংস হয়ে যাওয়া স্থানীয় সরকার ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করতে দৃঢ়প্রতিজ্ঞ। তৃণমূল পর্যায়ের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে স্থানীয় সরকারের প্রতিটি স্তরকে শতভাগ সক্রিয় করাই বর্তমান প্রশাসনের মূল লক্ষ্য।
তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার জনগণের সরকার এবং দায়িত্ব গ্রহণের পর থেকেই বিভিন্ন গঠনমূলক কাজের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা ও গভীর বিশ্বাসের জায়গা তৈরি করতে সক্ষম হয়েছে। সরকার জনগণের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে কার্যকর পরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। তবে বিগত সরকারের পরনির্ভরশীল ভুল নীতির কারণেই বর্তমান সময়ে গ্যাস, বিদ্যুৎ এবং জ্বালানি তেলের সংকট তীব্র রূপ নিয়েছে বলে মন্তব্য করেন তিনি। প্রতিমন্ত্রী স্পষ্ট করেন যে, মানুষের এই ভোগান্তি দূর করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে এবং এমন দীর্ঘমেয়াদি সমাধান নিশ্চিত করতে চাইছে যেন বাংলাদেশকে ভবিষ্যতে জ্বালানি খাতে আর কোনো দেশের ওপর নির্ভরশীল হয়ে থাকতে না হয়।
সংকট উত্তরণের সময়টুকুতে মানুষের কষ্টের কথা স্মরণ করে প্রতিমন্ত্রী বলেন, সমস্যা ও স্থায়ী সমাধানের মধ্যবর্তী এই রূপান্তরকালীন সময়ে আমাদের সবারই নানামুখী কষ্ট হচ্ছে। জনগণের এই অনাকাঙ্ক্ষিত কষ্টের জন্য বর্তমান সরকার এবং স্বয়ং প্রধানমন্ত্রী প্রতিনিয়ত দেশবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন। সংকট মোকাবিলায় সরকারের আন্তরিকতা ও সর্বাত্মক প্রচেষ্টায় কোনো ঘাটতি নেই উল্লেখ করে তিনি এ পরিস্থিতি উত্তরণে সর্বস্তরের জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করেন।
জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহা. শরীফুল হক, সিভিল সার্জন ডা. মুহাম্মদ মশিউর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব মো. আসাদুজ্জামান আসাদসহ জেলা আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা।
সভা শেষে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পাবনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যোগদানের উদ্দেশ্যে নাটোর ত্যাগ করেন এবং পরবর্তী সময়ে সিরাজগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে। তিন দিনের এই সরকারি সফরে তিনি পাবনা ছাড়াও নাটোরের তিনটি উপজেলায় একাধিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করবেন এবং লালপুর ও বাগাতিপাড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় অংশ নেবেন।