বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী
অবৈধ পথে ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রা এবং মানবপাচারকারী দালাল চক্রের প্রতারণার ফাঁদ সমূলে নির্মূল করতে মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের কড়া নির্দেশ দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মঙ্গলবার (২৫ আগস্ট) সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ ও অবৈধ উপায়ে বিদেশযাত্রা প্রতিরোধ বিষয়ক এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
মন্ত্রী বলেন, সুনামগঞ্জের যেসমস্ত অসাধু মধ্যস্বত্বভোগী ও মানবপাচারকারী চক্রের প্রলোভনে পড়ে তরুণরা অবৈধ পথে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে অকালে প্রাণ হারাচ্ছে, তাদের অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে।
দক্ষ জনশক্তি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন:
"বৈধ পথে বিদেশ যাওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট কাজের দক্ষতা ও ভাষা শিখে তবেই আন্তর্জাতিক শ্রমবাজারে প্রবেশ করা সমান গুরুত্বপূর্ণ। সুনামগঞ্জের কৌশলগত স্থানে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) ও ভাষা শিক্ষা কোর্স চালুর জন্য উপযুক্ত জায়গা নির্ধারণ করা হলে মন্ত্রণালয় থেকে যাবতীয় অবকাঠামোগত ও লজিস্টিক সহায়তা দেওয়া হবে।"
সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়ে তিনি বলেন, সুনামগঞ্জের প্রতিটি মসজিদ, মন্দির ও গির্জার ধর্মীয় নেতৃবৃন্দের মাধ্যমে সর্বস্তরের মানুষের মাঝে অবৈধ অভিবাসনের প্রাণঘাতী ঝুঁকি এবং বৈধ অভিবাসনের সুফলগুলো জোরালোভাবে প্রচার করতে হবে, যাতে সুনামগঞ্জ থেকেই এই সামাজিক প্রতিরোধ গড়ে ওঠে।
সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ জানান, বৈধ সুযোগের সীমাবদ্ধতার কারণে অনেকে জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করছেন; তবে বর্তমানে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ‘ট্যালেন্ট পার্টনারশিপ’ প্রকল্পের আওতায় ইতালিতে দক্ষ কর্মীদের জন্য বৈধভাবে যাওয়ার নতুন কর্মসংস্থানের দ্বার উন্মোচিত হয়েছে।
মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. শহীদুল ইসলাম চৌধুরী এক তথ্যবহুল উপস্থাপনায় উল্লেখ করেন, বিগত বছরগুলোতে অনিয়মিত পথে ইউরোপে প্রবেশের তালিকায় বাংলাদেশের অবস্থান শীর্ষ সারিতে থাকা অত্যন্ত উদ্বেগজনক এবং এই সংকট আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করছে।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ (সুনামগঞ্জ-৫), নূরুল ইসলাম (সুনামগঞ্জ-৪), মোহাম্মদ কয়ছর আহমেদ (সুনামগঞ্জ-৩), কামরুজ্জামান কামরুল (সুনামগঞ্জ-১) এবং সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী। এছাড়া সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান ও পুলিশ সুপার এ বি এম জাকির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় অংশ নেন।