বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় অসাধারণ ফলাফল করা ঢাকা জেলার ২৫ মেধাবী শিক্ষার্থীকে ব্যতিক্রমীভাবে অভিনন্দন জানিয়েছেন ঢাকার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম। শিক্ষার্থীদের উৎসাহিত করতে ব্যক্তিগত শুভেচ্ছাবার্তার পাশাপাশি তাদের জন্য বই, ফুল ও মিষ্টিও পাঠিয়েছেন তিনি।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।
জেলা প্রশাসকের পাঠানো চিঠিতে শিক্ষার্থীদের উদ্দেশে ফরিদা খানম লেখেন, একজন জেলা প্রশাসক কেন একজন শিক্ষার্থীকে আলাদাভাবে চিঠি লিখছেন এ প্রশ্ন তাদের মনে আসতে পারে। এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, মেধাবী শিক্ষার্থীদের মধ্যে তিনি শুধু বর্তমানের কৃতী শিক্ষার্থী নয়, ভবিষ্যতের আলোকিত নাগরিকের সম্ভাবনাও দেখতে পান।
এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের সাফল্যের জন্য তাদের আন্তরিক অভিনন্দন জানিয়ে জেলা প্রশাসক বলেন, এই অর্জন শুধু শিক্ষার্থীদের ব্যক্তিগত সাফল্য নয়; এর সঙ্গে জড়িয়ে রয়েছে বাবা-মায়ের ত্যাগ, শিক্ষকদের পরিশ্রম এবং শিক্ষার্থীদের দীর্ঘদিনের অধ্যবসায়।
চিঠিতে তিনি আরও বলেন, মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে শিক্ষার্থীরা এখন জীবনের নতুন ও সম্ভাবনাময় অধ্যায়ে প্রবেশ করেছে। এসএসসির ফলাফলকে চূড়ান্ত গন্তব্য না ভেবে এটিকে ভবিষ্যতের দীর্ঘ পথচলার সূচনা হিসেবে দেখার আহ্বান জানান তিনি।
ফরিদা খানম শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফলের মধ্যে সীমাবদ্ধ না থেকে তথ্যপ্রযুক্তির জ্ঞান, মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও দায়িত্ববোধে নিজেদের সমৃদ্ধ করার পরামর্শ দেন। তাদের সুপ্ত প্রতিভাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে নেতৃত্ব দেওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
চিঠিতে শিক্ষার্থীদের উদ্দেশে বলা হয়, জীবনের অনেক বছর পর তারা যেন এই চিঠির দিকে ফিরে তাকিয়ে গর্বের সঙ্গে বলতে পারে তারা নিজেদের স্বপ্নকে সম্মান করেছে, মেধার যথাযথ মর্যাদা দিয়েছে এবং একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করেছে।
জেলা প্রশাসকের এ উদ্যোগে শিক্ষার্থী ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তারাও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাদের মতে, এ ধরনের ব্যক্তিগত উৎসাহ শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে।
উল্লেখ্য, এর আগে ২০০২ সালে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সরাসরি চিঠি লিখেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সে সময় চিঠির সঙ্গে শিক্ষার্থীদের দুটি করে বইও উপহার হিসেবে পাঠানো হয়েছিল।
এ বিষয়ে ঢাকার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা প্রশাসনের দায়িত্ব। তাদের সাফল্য শুধু পরিবার বা শিক্ষাপ্রতিষ্ঠানের গর্ব নয়, এটি ঢাকা জেলারও গর্ব। ছোট্ট এই উপহার ও চিঠির মাধ্যমে শিক্ষার্থীদের জানানো হয়েছে যে, তাদের মেধা ও স্বপ্নের প্রতি জেলা প্রশাসনের আন্তরিক শুভকামনা রয়েছে।
তিনি আরও বলেন, ভবিষ্যতে এসব শিক্ষার্থী যেন ভালো ফলাফলের পাশাপাশি মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও দায়িত্ববোধে নিজেদের গড়ে তুলে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এটাই জেলা প্রশাসনের প্রত্যাশা।