বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

১৬ আগস্ট রোববার কটিয়াদীতে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) নির্বাচনী এলাকায় উন্নয়নের নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসন, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের আধুনিকায়ন এবং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করতে একাধিক গুরুত্বপূর্ণ দাবি সামনে এনেছেন স্থানীয় বিএনপি নেতারা ও সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।
কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও কটিয়াদী পৌরসভার সাবেক মেয়র আলহাজ তোফাজ্জল হোসেন খান দিলীপ বলেন, কটিয়াদীবাসীর বহুল প্রত্যাশিত গ্যাসলাইন সংযোগ বাস্তবায়ন এখন সময়ের দাবি। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান সংস্কার ও সম্প্রসারণ, ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীতকরণ এবং কটিয়াদী বাসস্ট্যান্ডে ওভারব্রিজ নির্মাণ জরুরি।
তিনি আরও বলেন, কটিয়াদী পৌর এলাকার রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে বিশেষ বরাদ্দ, আধুনিক মানের একটি স্টেডিয়াম নির্মাণ, ৬০০ বছরের সনাতন ধর্মীয় ঐতিহ্যের স্মারক এবং দেশের বৃহত্তম ঢাকের হাটের সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রয়োজন। একই সঙ্গে কটিয়াদী মহাশ্মশান ঘাট সংস্কার ও সড়ক নির্মাণ, মহাশ্মশান ঘাটসংলগ্ন এলাকায় স্থায়ী বিজয়া দশমী ঘাট নির্মাণ এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের দাবিও জানান তিনি।
কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন বলেন, কটিয়াদীতে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন সময়ের গুরুত্বপূর্ণ দাবি। ব্রহ্মপুত্র ও আড়িয়াল খাঁ নদীবিধৌত উপজেলার বৈরাগীর চর, রামদী ও অষ্টিয়ার বাজারের নদীতীরবর্তী মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এ বিষয়ে সংসদ সদস্যের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ডিও লেটারের মাধ্যমে আবেদন পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, উপজেলা সদর থেকে বিভিন্ন ইউনিয়নের রাস্তাঘাট, সেতু ও কালভার্ট মেরামত, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সগুলো সংস্কার ও আধুনিকায়ন, প্রয়োজনীয় চিকিৎসক নিয়োগ এবং হাসপাতালগুলোতে শয্যা ও সেবার মান বাড়ানোর দাবি রয়েছে। একই সঙ্গে কটিয়াদী পাইলট বালিকা উচ্চবিদ্যালয় সরকারি করার দাবিও তুলে ধরেন তিনি।
অন্যদিকে কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বলেন, কটিয়াদী-পাকুন্দিয়ার গ্রামীণ অবকাঠামো ও যোগাযোগব্যবস্থার উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি মনি কান্দা থেকে দত্তের বাজার সেতু, মঠখোলা থেকে আড়ালিয়া সেতু, কটিয়াদী-মুমুরদিয়া ইউনিয়নের শিবনাথ সাহা সেতু এবং কুলিয়ারচর থেকে বাহেরচর সেতুসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণ ও সংস্কারের দাবি জানান।
এ ছাড়া কটিয়াদী-মনিকখালী সড়ক এবং পুলেরঘাট থেকে করগাঁও সড়ক সংস্কারের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি। এসব সড়ক ও সেতুর উন্নয়ন হলে কটিয়াদী-পাকুন্দিয়ার প্রত্যন্ত এলাকার মানুষের যোগাযোগ, কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে মনে করছেন স্থানীয়রা।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কিশোরগঞ্জে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মধ্যে পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান ঘাটে ব্রহ্মপুত্র নদে উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ, বিতরণ ও শুভেচ্ছা বিনিময়, কটিয়াদী কার্প হ্যাচারি পরিদর্শন এবং কটিয়াদী উপজেলা আছমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনসহ বিভিন্ন কর্মসূচি রয়েছে।
এরপর কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে সরকারের গৃহীত উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন, বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ, সার্কিট হাউসে উপস্থিতি ও বিরতি এবং কিশোরগঞ্জ পৌরসভার পুরাতন স্টেডিয়াম মাঠে বিভিন্ন সহায়তা ও সম্মাননা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে কটিয়াদী-পাকুন্দিয়ার মানুষের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। দীর্ঘদিনের দাবিগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হলে এ অঞ্চলের যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানে দৃশ্যমান পরিবর্তন আসবে—এমন প্রত্যাশাই স্থানীয়দের।