বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলার ঘটনায় জানালার কাচ ভাঙচুরের পাশাপাশি গেটে আগুন দেওয়ার চেষ্টা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (৫ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে মাগুরা শহরের কেশব মোড় এলাকায় অবস্থিত তার বাড়িতে এ হামলা হয়।
পুলিশ জানিয়েছে, হামলায় বাড়ির কয়েকটি জানালার কাচ ভেঙে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাড়ির লোহার গেটের ওপর পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তবে ঘটনাস্থলে পেট্রলবোমা হামলার কোনো আলামত পাওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে পুলিশের টহল ভ্যান ও সদস্যদের অবস্থান করতে দেখা যায়। তবে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে চাননি।
হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে বিস্ফোরণের মতো শব্দ শোনা যায়। তবে ভিডিওটির সত্যতা বা ঘটনার সঙ্গে এর সম্পর্ক সম্পর্কে পুলিশ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
পরিবারের একটি সূত্র জানায়, সাকিব আল হাসানের এক অসুস্থ নিকটাত্মীয় বর্তমানে ওই বাড়িতে বসবাস করেন। হামলার পর ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব আল হাসান। এছাড়া জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত একটি হত্যা মামলায় তার নাম আসামির তালিকায় রয়েছে। মামলাটি ২০২৪ সালের ২৩ আগস্ট ঢাকার আদাবর থানায় দায়ের করা হয়।