বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : প্রতিনিধি
গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের বানিয়ারচালায় একটি মাদ্রাসার মাঠে লাল পতাকা টানিয়ে খেলাধুলা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে পাশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিনের ব্যবহৃত মাঠে খেলাধুলার সুযোগ হারিয়েছে।
এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ।
মঙ্গলবার (৭ জুলাই) সরেজমিনে দেখা যায়, বানিয়ারচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের মাঠের একটি অংশে কয়েকটি খুঁটি পুঁতে লাল পতাকা টানানো হয়েছে। এর ফলে ওই এলাকায় শিক্ষার্থীদের খেলাধুলা সম্পূর্ণ বন্ধ রয়েছে। টিফিনের সময় কিংবা ক্লাসের বিরতিতেও কোনো শিশুকে মাঠে খেলতে দেখা যায়নি।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিখা জানান, বিদ্যালয়ের নিজস্ব খেলার মাঠ নেই। দীর্ঘদিন ধরে পাশের বানিয়ারচালা জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদ্রাসার মাঠের একটি অংশ শিক্ষার্থীরা খেলাধুলার জন্য ব্যবহার করে আসছিল। কিন্তু বর্তমানে সেখানে খেলতে দেওয়া হচ্ছে না। এতে শিশুদের স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হচ্ছে।
তিনি আরও বলেন, শুধু খেলাধুলাই নয়, বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রেও মাঠ ব্যবহারে নানা সীমাবদ্ধতার মুখে পড়তে হয়। ছুটির দিনে মাঠ ব্যবহারের সুযোগ দেওয়া হলে শিক্ষার্থীরা উপকৃত হতো।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে মাদ্রাসা কর্তৃপক্ষ মাঠের একটি অংশে সাতটি খুঁটি স্থাপন করে লাল পতাকা টানিয়ে দেয়। এরপর থেকেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ওই অংশে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
স্থানীয়দের ভাষ্য, একই মাঠের এক পাশে বানিয়ারচালা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং অন্য পাশে বানিয়ারচালা জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদ্রাসা অবস্থিত। মাঠের বেশিরভাগ জমির মালিকানা মাদ্রাসার হলেও বহু বছর ধরে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে ফুটবলসহ বিভিন্ন খেলাধুলা করে আসছিল।
কয়েকজন শিক্ষার্থী জানায়, লাল পতাকা টানানোর পর তারা আর মাঠে খেলতে যেতে পারছে না। তারা আগের মতো আবার খেলাধুলার সুযোগ ফিরে পেতে চায়।
বিদ্যালয়ের এক শিক্ষক জানান, গত রোববার স্থানীয় দুটি পক্ষের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। এরপর মাদ্রাসা কর্তৃপক্ষ নিজেদের মালিকানাধীন অংশে সাময়িকভাবে খেলাধুলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।
এ বিষয়ে গাজীপুরের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদ ভূঁইয়া জানান, বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে। জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে বানিয়ারচালা জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদ্রাসার দায়িত্বপ্রাপ্ত মুহতামিম মাওলানা মোবারক হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।