বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

নন্দিত চিত্রনায়িকা রোজিনা -ছবি : সংগৃহীত
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে চলমান বিতর্কের মধ্যে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন নন্দিত চিত্রনায়িকা রোজিনা। এফডিসির বর্তমান পরিবেশ, শিল্পীদের প্রতি সম্মানবোধের অভাব এবং শিল্পী সমিতির নির্বাচন নিয়ে অসন্তোষ জানিয়ে মৃত্যুর পর তার মরদেহ যেন এফডিসিতে না নেওয়া হয় এমন অনুরোধ করেছেন তিনি।
রোববার (৫ জুলাই) রাজধানীর উত্তরায় নিজ বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রোজিনা। তিনি দাবি করেন, শিল্পী সমিতির এবারের নির্বাচন সুষ্ঠু পরিবেশে হয়নি। ভোটগ্রহণ থেকে শুরু করে ফলাফল প্রকাশের পুরো প্রক্রিয়ায় নানা অসংগতি তিনি প্রত্যক্ষ করেছেন বলে অভিযোগ করেন।
এফডিসির বর্তমান পরিবেশ নিয়ে হতাশা প্রকাশ করে রোজিনা বলেন, এফডিসি এখন আর আগের মতো নেই। এখানে সম্মান, মূল্যবোধ সবকিছুই নষ্ট হয়ে যাচ্ছে। জীবনে কোনোদিন আমি শিল্পী সমিতিতে যাব কি না জানি না। তবে মৃত্যুর পর আমার লাশ যেন এফডিসিতে নেওয়া না হয়।
তিনি জানান, এটি মুহূর্তের আবেগ বা নির্বাচনে পরাজয়ের প্রতিক্রিয়া নয় বরং দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছেন। তার ভাষায়, বর্তমান প্রজন্মের অনেকের মধ্যেই সিনিয়র শিল্পীদের প্রতি প্রয়োজনীয় শ্রদ্ধাবোধের অভাব রয়েছে।
রোজিনা বলেন, এখনকার মানুষগুলোর মধ্যে শিল্পীদের শ্রদ্ধা করার মতো মানসিকতা একেবারেই নেই।
নিজের বক্তব্যের পক্ষে উদাহরণ টেনে তিনি প্রয়াত কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাকের কথাও স্মরণ করেন। রোজিনার দাবি, রাজ্জাকও একসময় অভিমান করে বলেছিলেন, মৃত্যুর পর তার মরদেহ যেন এফডিসিতে না নেওয়া হয়। বর্তমান চলচ্চিত্র অঙ্গনের পরিবেশ বিবেচনায় তিনি অনেক আগেই নিজের পরিবারকেও একই নির্দেশনা দিয়ে রেখেছেন বলে জানান।
শিল্পী সমিতির নির্বাচনে নিজের পরাজয় প্রসঙ্গে রোজিনা বলেন, আমাকে চক্রান্ত করে হারানো হয়েছে বলে আমি এমনটি বলছি না। এটা আমি আগে থেকেই ভেবে রেখেছিলাম। এমনকি আমার পরিবারের সঙ্গেও এ বিষয়ে কথা হয়েছে।
তবে শিল্পী সমিতি নিয়ে তিক্ততা থাকলেও প্রয়োজন হলে সরকারি অনুষ্ঠান বা প্রযোজক সমিতির সদস্য হিসেবে নির্দিষ্ট কোনো অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানান তিনি। তবে সাধারণ কোনো কারণে এফডিসিতে যাওয়ার ইচ্ছা নেই বলেও স্পষ্ট করেন।
উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যে একাধিক প্রার্থী অনিয়মের অভিযোগ তুলেছেন। তবে এসব অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত শিল্পী সমিতির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
রোজিনার বক্তব্য প্রকাশের পর চলচ্চিত্র অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই তার মন্তব্যকে চলচ্চিত্রাঙ্গনের বর্তমান পরিস্থিতি নিয়ে একজন প্রবীণ শিল্পীর গভীর হতাশা ও উদ্বেগের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন।